কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

টিকার জন্য টাকা দাবি 

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (রেবিস ভ্যাকসিন) প্রয়োগের সময় রোগীর স্বজনদের কাছে টাকা দাবি ও অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে আলোচিত সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা আক্তারকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার (৬ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে।

জানা যায়, উপজেলার বিশারাবাড়ি এলাকার দুই শিশু বিড়ালের কামড়ে আহত হলে তাদের চিকিৎসার জন্য গত শুক্রবার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার সময় দায়িত্বরত নার্স মোর্শেদা আক্তার দুই শিশুর জন্য মোট ২০০ টাকা দাবি করেন। রোগীর স্বজনরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া অভিযুক্ত নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন। পরে সিভিল সার্জনের নির্দেশনায় জারি করা এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং রোগীর কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রশাসনিক স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়