রংপুর ব্যুরো
রংপুরে সনাকের কর্মশালা
দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের বিশেষ ভূমিকা প্রয়োজন

রংপুরে সনাকের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি মোশফেকা রাজ্জাক। এতে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি ও সনাক সদস্য সদরুল আলম দুলু, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. আলমগীর কবির ও সনাক সদস্য ড. শাশ^ত ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন সনাক-টিআইবি’র একার পক্ষে দুর্নীতিবিরোধী আন্দোলনে সফল হওয়া সম্ভব নয়। এজন্য গণমাধ্যমের বিশেষ ভূমিকার প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। জনমত সৃষ্টির মাধ্যমে সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সনাক ও ইয়েস গ্রুপ’র সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মকর্তারা।
"







































