ক্রীড়া ডেস্ক
‘শেষ বাঁশি না বাজা পর্যন্ত সবকিছুই সম্ভব’

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর অধিনায়ক ইউরি টিলেমান্সকে প্রশংসায় ভাসালেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। চরম চাপের মুহূর্তেও টিলেমান্স যে স্থিরতা ও মানসিক দৃঢ়তা দেখিয়েছেন, সেটিই শেষ পর্যন্ত বেলজিয়ামকে নাটকীয় জয় এনে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার রাতে সিয়াটলে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। তখন মনে হচ্ছিল, আফ্রিকার দলটিই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে যাচ্ছে। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে, ১২৫তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দেন টিলেমান্স।
তবে সেই পেনাল্টি নেওয়ার আগে সহজ পরিস্থিতিতে ছিলেন না বেলজিয়াম অধিনায়ক। সেনেগালের খেলোয়াড়রা পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্পটকিক নেওয়ার জায়গা ঘিরে ধরেছিলেন। দীর্ঘ সময় খেলা বন্ধও ছিল। কিন্তু সব চাপ সামলে অবিশ্বাস্য শান্ত মাথায় বল জালে পাঠান অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরি টিলেমান্স তার স্থিরতা এবং গুণমানের প্রমাণ দিয়েছে। আবারও সে দেখিয়েছে, এমন কঠিন মুহূর্তে পেনাল্টি নেওয়ার মতো অভিজ্ঞতা আমাদের আছে। কারণ, এমন পরিস্থিতিতে গোল করা মোটেও সহজ নয়।’
"









































