ক্রীড়া ডেস্ক
নকআউটের আগে ব্রাজিল নেইমারকে পাচ্ছে না

চোটের ঝুঁকি থাকার পরও নেইমার জুনিয়রকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। কিন্তু তাকে কবে নাগাদ পাওয়া যাবে মাঠে, তা এখনো বড্ড অনিশ্চিত। চোট শঙ্কায় তারকা ফরোয়ার্ডকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল। সবকিছু বর্তমান পরিকল্পনা অনুযায়ী এগোলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা নেই। তাই সরাসরি নকআউট পর্ব থেকেই মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে।
বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে এখনো অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে দলের অনুশীলন ক্যাম্পে সোমবারও আলাদা করে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন তিনি। গত ১৭ মে সান্তোস এফসির হয়ে খেলতে গিয়ে কাফে (পায়ের পেশিতে) চোট পান নেইমার। গ্রেড টু পেশির চোট নিয়ে তাকে বিশ্বকাপ দলে রেখেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে সেই চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। দলীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সোমবার সেটিই আবার করা হয়েছে। যদিও ফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, দলের চিকিৎসকরা নেইমারকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগামী শুক্রবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকলেও দলীয় জার্সি পরতে দেখা যায়নি নেইমারকে।
"








































