ক্রীড়া ডেস্ক
পাওয়ার র্যাংকিং
বিশ্বকাপে মাঠের লড়াইয়ে ‘কাগজের হিসাব’

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে উত্তেজনা এখন তুঙ্গে। ৪৮ দলের বৃহত্তম এ মহাযজ্ঞ শুরুর আগে সমর্থকদের জন্য এক অভিনব চমক নিয়ে এসেছে ফিফা। দলগুলোর শক্তি-সামর্থ্য যাচাইয়ের জন্য তারা চালু করেছে একটি বিশেষ ‘পাওয়ার র্যাংকিং’ ব্যবস্থা। খেলা শুরু হওয়ার আগে দলগুলোর বর্তমান অবস্থান কেমন, তা বোঝার জন্য ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি নতুন হাতিয়ার। সহজ কথায়, পাওয়ার র্যাংকিং হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে দলগুলোর শক্তির একটি তাৎক্ষণিক রূপরেখা। টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে দলগুলো কেমন ফর্মে আছে, তার ওপর ভিত্তি করেই এটি তৈরি করা হয়। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, একে যেন কোনোভাবেই চূড়ান্ত ধরে নেয়া না হয়। আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা বলে, ‘এটি কোনো অফিসিয়াল বিশ্ব র্যাংকিং নয়। এটি কোনো ভবিষ্যদ্বাণীর টেবিল, গ্রুপ পর্বের ড্র, কিংবা বিশ্বকাপ কীভাবে মাঠে গড়াবে তার কোনো গ্যারান্টিও দেয় না।’ ২০২৬ বিশ্বকাপের প্রেক্ষাপটে এ পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারই প্রথম ফুটবল বিশ্বকাপ ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। দল সংখ্যা বাড়ার কারণে দলগুলোর শক্তির তুলনা এবং টুর্নামেন্টের অনিশ্চয়তা- দুটিই আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ৪৮টি দলের এ বিশাল টুর্নামেন্টে কোন দল ঠিক কোথায় দাঁড়িয়ে, তা একনজরে বোঝার জন্য এ পাওয়ার র্যাংকিং একটি দারুণ গাইড। বিশেষজ্ঞদের মতে, এ তালিকা মূলত তিনটি বিষয়কে সামনে আনে। সেগুলো হলে, ট্রফি জয়ের দৌড়ে কারা সবচেয়ে এগিয়ে, কারা যেকোনো মুহূর্তে বড় দলগুলোকে চমকে দিতে পারে এবং টুর্নামেন্ট শুরুর আগে যাদের যোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তবে ফুটবল মাঠের বাস্তবতার সঙ্গে খাতার হিসেব সবসময় মেলে না। ফর্মের আকস্মিক পরিবর্তন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট বা নকআউট পর্বের ভাগ্য-যেকোনো মুহূর্তে পুরো সমীকরণ বদলে দিতে পারে। তাই পাওয়ার র্যাংকিংকে শুধুই একটি প্রেক্ষাপট হিসেবে দেখা উচিত, নিশ্চিত ফলাফল হিসেবে নয়।
ফুটবল অনুরাগী মহলে এ দুই র্যাংকিং নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে এ দুই ব্যবস্থার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এখানে প্রধান পার্থক্য, বিশ্ব র্যাংকিং হলো জাতীয় দলগুলোর জন্য আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক র্যাংকিং ব্যবস্থা। এটি বিশ্বকাপ পাওয়ার র্যাংকিং থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সামগ্রিক আন্তর্জাতিক ফুটবলকে বিবেচনা করে। অন্যদিকে পাওয়ার র্যাংকিং অনেক বেশি নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক। এটি মূলত একটি একক প্রতিযোগিতার সার্বিক দিক বিবেচনা করে এবং সেই আসরের চারপাশের বিশেষ পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়।
"









































