ক্রীড়া ডেস্ক

  ১৩ ঘণ্টা আগে

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার স্পেনকে রুখল ইরাক

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের চমকে ফ্রান্সকে স্তব্ধ করে দিয়েছে আইভরিকোস্ট। অন্যদিকে ৪০ বছর পর বিশ্বকাপে পা রাখা ইরাকের লড়াকু ফুটবলের সামনে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নান্তেসে হাইভোল্টেজ ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখায় আইভরিকোস্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙেন রায়ান চেরকি। ডি-বক্সের বাইরে থেকে তার প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বলে ডান প্রান্ত থেকে আইভরিকোস্টের গোলকিপারকে পরাস্ত করেন এ সিটি তারকা। দ্বিতীয়ার্ধে একসঙ্গে ৫টি পরিবর্তন আনেন ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম। কিলিয়ান এমবাপের জায়গায় মাঠে নামানো জঁ-ফিলিপ মাতেতাকে। ৫৩ মিনিটে গুয়েলা দুয়ের গোলে প্রথমে সমতায় ফেরে তারা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই মঞ্চস্থ হয় আসল নাটকীয়তা। ৮৪ মিনিটে ডান প্রান্ত থেকে গুয়েলা দুয়ের ভাসানো ক্রসে প্রথম ছোঁয়াতেই বল ফরাসিদের জালে জড়ান বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো। তার এ গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে উল্লাসে মাতে আইভরিকোস্ট। সোমবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। এরপর ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ১৫ জুন জার্মানির মুখোমুখি হবে আইভরিকোস্ট। রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে হোঁচট খেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লা করুনার রিয়াজর স্টেডিয়ামে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে ইরাক।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৬ মিনিটেই ফেরান তোরেসের দুর্দান্ত গোলে লিড নেয় স্পেন। ২৭ মিনিটে ইরাকের ডিফেন্ডার মারচাস দোস্কির দূরপাল্লার নিখুঁত শটে সমতায় ফেরে ইরাক। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হলেও জালের দেখা পায়নি স্পেন। স্বাগতিকদের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়ে ৪০ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া লায়নস অব মেসোপটেমিয়া খ্যাত ইরাক। সোমবার পেরুর বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পরদিন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরাক, গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও সেনেগাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়