ক্রীড়া ডেস্ক

  ১৩ ঘণ্টা আগে

লিভারপুলের দায়িত্ব নিলেন ইরাওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়া এবং ৫ নম্বরে থেকে মৌসুম শেষ করায় আর্নে স্লটকে বরখাস্ত করে লিভারপুল। তার জায়গায় অ্যানফিল্ড সামলানোর ডাক পেয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। গত বৃহস্পতিবার ৪৩ বছর বয়সি এ কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অলরেডরা। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, দুই বছরের চুক্তিতে অ্যানফিল্ডে এসেছেন তিনি।

বোর্নমাউথকে প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুমে যথাক্রমে দ্বাদশ, নবম ও ষষ্ঠ স্থানে তুলে ইতিহাস গড়া এ স্প্যানিশ ট্যাকটিশিয়ানকে ঘিরেই এখন স্বপ্ন বুনছে লিভারপুল। তার অধীনেই বোর্নমাউথ প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। হাই-প্রেসিং ও আগ্রাসী ফুটবল ঘরানার জন্য পরিচিত ইরাওলা লিভারপুলের দায়িত্ব নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন। অলরেডদের ওয়েবসাইটে তিনি বলেন, ‘লিভারপুলের প্রতি আকৃষ্ট হতে খুব বেশি কারণের প্রয়োজন হয় না। লিভারপুল তো লিভারপুলই! এখানকার আবহ, সমর্থক, ক্লাবের ঐতিহ্য এবং সর্বোচ্চ স্তরের ফুটবলারদের কোচিং করানোর পাশাপাশি শিরোপার জন্য লড়াই করার সুযোগ! এর চেয়ে আকর্ষণীয় আর কিছুই হতে পারে না। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।

সাবেক সফল কোচ ইয়ুর্গেন ক্লপের সেই চেনা ‘হেভি মেটাল ফুটবল’ স্লটের আমলে হারিয়ে যায়। এ নিয়ে খোদ বিদায়ি তারকা মোহাম্মদ সালাহও একসময় অসন্তোষ প্রকাশ করেন। সমর্থকদের প্রত্যাশা, সাবেক বিলবাও ডিফেন্ডার ইরাওলার হাত ধরে আবারও সেই আক্রমণাত্মক ফুটবল ফিরবে। তবে কাজটা তার জন্য সহজ হবে না। গত বছর সড়ক দুর্ঘটনায় ফরোয়ার্ড দিয়েগো জোতার আকস্মিক মৃত্যু এবং সালাহ যুগের অবসান ঘটার পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটি। প্রায় ৪৫ কোটি পাউন্ড খরচ করেও গত মৌসুমে কোনো ট্রফি পায়নি ইংলিশ জায়ান্টরা। সমর্থকদের উদ্দেশে ইরাওলা আশ্বস্ত করে বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমিও আপনাদের একজন হয়ে উঠতে চাই। আপনাদের ভালোবাসা ও অধিকার অর্জন করতে চাই, যাতে আমরা সবাই মিলে সাফল্য উদযাপন করতে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়