reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৭

লেখক পরিচিতি

বেগম সুফিয়া কামাল

সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন, সেখানে নারীশিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না। তিনি তার মা সাবেরা বেগমের কাছে বাংলা পড়তে শেখেন। মাত্র ১২ বছর বয়সে তাকে সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নেহাল অপেক্ষাকৃত আধুনিকমনস্ক ছিলেন। তিনি সুফিয়া কামালকে সাহিত্য পাঠে উৎসাহিত করেন।

সুফিয়া সেই সময়কার বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন। বিশেষ করে বেগম রোকেয়ার লেখা তার ওপর বিশেষ প্রভাব ফেলে। সাহিত্য পাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন। ১৯২৬ সালে তার প্রথম কবিতা ‘বাসন্তী’ সেই সময়কার প্রভাবশালী সাময়িকী ‘সওগাত’-এ প্রকাশিত হয়। ত্রিশের দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র; যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখের দেখা পান। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম’-এ রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি তার সাহিত্যচর্চা চলতে থাকে। ১৯৩৭ সালে তার গল্পের সংকলন ‘কেয়ার কাঁটা’ প্রকাশিত হয়। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’র মুখবন্ধ লিখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায়, যাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৩২ সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক সমস্যায় ফেলে। তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৪২ সাল পর্যন্ত এই পেশায় নিয়োজিত থাকেন। এর মাঝে ১৯৩৯ সালে কামালউদ্দীন আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। দেশ বিভাগের পূর্বে তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী ‘বেগম’-এর সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। ১৯৫৬ সালে শিশুদের সংগঠন ‘কচিকাঁচার মেলা’ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবি জানান। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সাঁঝের মায়া’, ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘শান্তি ও প্রার্থনা’, ‘উদাত্ত পৃথিবী’, ‘দিওয়ান’, ‘মোর জাদুদের সমাধি পরে’। আর গল্প হলো ‘কেয়ার কাঁটা’। ভ্রমণকাহিনী ‘সোভিয়েতে দিনগুলি। স্মৃতিকথা ‘একাত্তরের ডায়েরি’। সুফিয়া কামাল ৫০টির বেশি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে কয়েকটি হলোÑ ‘বাংলা একাডেমী পুরস্কার’, ‘সোভিয়েত লেনিন পদক’, ‘একুশে পদক’, ‘বেগম রোকেয়া পদক’, ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’, ‘দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল’ এবং ‘স্বাধীনতা দিবস পদক’। ১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist