নিজস্ব প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

আদাবরে ওসি-এসআইকে কুপিয়ে জখম

গুলিবিদ্ধ ২ ছিনতাইকারী

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার পর অপরাধীদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ওসি এবং এক এসআই চাপাতির আঘাতে আহত হয়েছেন। একই অভিযানে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার আদাবরের ডেল্টা গার্মেন্টের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, সকালে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর দুপুরে ডেল্টা গার্মেন্টের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি ও এসআই তরুণ আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটকরা হলো রুবেল, আমির, কাশেম ও মো. জয়। তাদের মধ্যে রুবেল ও আমির গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় আদাবরের ৭ নম্বর সড়কে একটি বিকাশ দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’র সদস্যরা দোকানিকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর স্বজন মো. মুসলিম জানান, তার ভাই সকালে বাসা থেকে ৩ লাখ টাকা নিয়ে দোকানে আসার পরপরই ৪-৫ জন চাপাতি হাতে সেখানে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ‘কব্জি কাটা গ্রুপ’ আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদযান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখল কার্যক্রমে জড়িত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়