বিশেষ প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি ব্যাংক হিসাব খুলতে টিআইএন নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছেন। এটি বাজেটের অন্যতম বড় সিদ্ধান্ত।

নতুন প্রস্তাব অনুসারে, যে কোনো ব্যক্তিকে ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে। তবে এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেওয়ার সময় এই টিআইএন সনদ দেখাতে হবে না। আবার নো ফ্রিলস অ্যাকাউন্ট যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা সুবিধা নেওয়ার জন্য যত হিসাবসহ পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন দেখানোয় অব্যাহতি দেওয়া হয়েছে।

দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব আছে। নতুন করে যারা হিসাব খুলবেন তাদের ওপর টিআইএন খোলার খড়গ নামতে পারে। মূলত করের জাল বাড়ানোর জন্য এই উদ্যোগ নিচ্ছে সরকার।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে খোলা সুবিধাবঞ্চিতদের হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য যেকোনো ব্যক্তিকে এখন থেকে নতুন ব্যাংক হিসাব খোলার সময় বাধ্যতামূলকভাবে টিআইএন সনদ জমা দিতে হবে।

এদিকে কর ফাঁকি রোধ ও রাজস্ব জাল বাড়াতে প্রযুক্তির ব্যবহার আরো জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন বা কেন্দ্রীয় তথ্য সমন্বয়ের মাধ্যমে এনবিআরের জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা (বিদ্যুৎ, গ্যাস, পানি), সাব-রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়