নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

চিন্তাশীল বাজেট, তবে বাস্তবায়নের ভিত্তি দুর্বল : দেবপ্রিয়

প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চিন্তাশীল বাজেট’ হিসেবে অভিহিত করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তবে তিনি মনে করেন, বাজেটের নীতিগত কাঠামো শক্তিশালী হলেও তা বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই চিন্তাশীল বাজেটের মূল যে নীতিকাঠামোর দিক, তাতে আপনারা দেখবেন যে একটা অর্থনৈতিক স্থিতায়নের জন্য এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। আরো তিন বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরো এক বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একইসঙ্গে উদারীকরণের ওপর বড় জোর দিয়েছে।’ তিনি বলেন, ‘আরেকটা বিষয় আছে, সেটা হলো, আপনার এটার ভেতরে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। সে জন্য বিভিন্ন বরাদ্দের উল্লেখ আছে। যুবসমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একইসঙ্গে যুক্ত হয়েছে। আর তৃতীয় যেটা বিনিয়ন্ত্রণ এবং মানবিকতার পাশে এসছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়। আমি এই তিনটি বিষয়কে চিহ্নিত করছি। কিন্তু বিষয়টা এখানে না। নীতিকাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সঙ্গে তৈরি হয়েছে। কিন্তু এই নীতিকাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ, এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই।’

দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, ‘... শেষ বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে এবং এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কীভাবে উনারা বাস্তবায়ন করেন, সংস্কারের পথে যেয়ে সেটাই দেখতে চাই। সুন্দর বাজেট, আমি এটাকে চিন্তাশীল বাজেট বলছি। কিন্তু এইটার ভিত্তি এই চিন্তাটাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়