বিনোদন প্রতিবেদক
এবার দিঠির কণ্ঠে বাবার লেখা দেশের গান

২০০৬ সালে বিবিসি বাংলার জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা সর্বোচ্চ তিনটি গান স্থান পেয়েছিল। গানগুলো হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ ও ‘একতারা তুই দেশের কথা বলরে আমায় বল’। এগুলোর মধ্যে প্রথম গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মূল প্রেরণা ছিল এবং অন্য দুটি গানও বাংলা সঙ্গীত জগতে কালজয়ী দেশাত্মবোধক গান হিসেবে স্বীকৃত। সেই কালজয়ী গানের গীতিকারের কন্যা দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার এবার তার বাবার লেখা দেশের গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে উপস্থিত হচ্ছেন।
গত বৃহস্পতিবার সুদূর আমেরিকা থেকে দেশে ফিরে তিনি জানান, তার ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’ তারই বাবার লেখা ও সজল দাসের সুরে, অপু আমানের সঙ্গীতায়োজনে ‘না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক’ গানটি দু’একদিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে।
দিঠি আনোয়ার বলেন, ‘বিবিসি বাংলার জরিপে আব্বুর লেখা সর্বকালের সেরা তিনটি গান স্থান পেয়েছিল। জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় এবং একতারা তুই দেশের কথা বলরে আমায় বল। আব্বুর লেখা এই তিনটি গানের মধ্যে দুটি গান একবার যেতে দে না এবং একতারা তুই দেশের কথা আমি নিজেও অনেক অনুষ্ঠানে গেয়েছি। বিশেষত স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস কিংবা একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কেনো অনুষ্ঠানে আব্বুর লেখা এই দুটি দেশের গান আমি গেয়েছি। এই গানগুলো বাংলাদেশে যতোদিন থাকবে ততোদিন এই গানগুলোও বেঁচে থাকবে যুগের পর যুগ শতকের পর শতক ধরে। এসব দেশের গান ছাড়াও আব্বুর লেখা আরো অসংখ্য গান আছে যেসব গানের মাঝে শ্রোতারা এই দেশকে, এই দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে খুঁজে পায়। আব্বুর লেখা কয়েকটি গান এরইমধ্যে প্রকাশিত হয়েছে। এবার আব্বুর লেখা দেশের গান প্রকাশ পাচ্ছে আমার কণ্ঠে। গানটির সুর করেছেন সজল দাশ। সঙ্গীতায়োজন করেছে অপু। আমি খুব আশাবাদী দেশের এই গানটি নিয়ে।’ এদিকে দেশে ফিরেই পারিবারিক কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। দু’তিনদিনের মধ্যে তিনি এটিএন বাংলা, এনটিভি এবং গ্লোবাল টিভির সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানান দিঠি আনোয়ার।
"









































