নিজস্ব প্রতিবেদক
চীনা বিশেষজ্ঞদের প্রশিক্ষণে বিএমইউতে রোবোটিক পুনর্বাসনের উদ্যোগ

আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ কর্মসূচি। চীনা বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের জন্য উন্নতমানের পুনর্বাসন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীন রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী রোবোটিক রিহ্যাবিলিটেশনবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। চলমান প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণরত চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা রোবোটিক পুনর্বাসন প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীরা কেন্দ্রের আধুনিক রোবোটিক পুনর্বাসন সেবা, চিকিৎসকদের আন্তরিকতা এবং চিকিৎসার ইতিবাচক ফলাফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সার্বিক কার্যক্রম ও চলমান আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন চিকিৎসা দেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রোগীকেন্দ্রিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্বাসন সেবা নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ কেন্দ্রের কার্যক্রমকে আরো গতিশীল, সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আধুনিক যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং জনবল প্রশিক্ষণের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেন।
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ শাকুর বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন বর্তমানে পুনর্বাসন চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেইন ইনজুরি, পারকিনসন রোগ, সেরিব্রাল পালসি এবং অন্য স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের কার্যক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন জীবনযাত্রায় স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশে রোবোটিক পুনর্বাসন চিকিৎসার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ ভবিষ্যতেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন সেবার পরিধি সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে চীন থেকে আগত বিশেষজ্ঞ পুনর্বাসন চিকিৎসকগণ বিভাগের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। একইসঙ্গে চীন থেকে আগত বায়োমেডিকেল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের রোবোটিক যন্ত্রপাতির পরিচালনা, ক্যালিব্রেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, রোগীভেদে উপযুক্ত রোবোটিক ডিভাইস নির্বাচন, চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনায় প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ এবং চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের দক্ষতা আরো উন্নত করা। প্রশিক্ষণে বিভিন্ন রোবোটিক রিহ্যাবিলিটেশন সিস্টেমের অপারেশন, সফটওয়্যার ব্যবস্থাপনা, রোগী মূল্যায়ন, থেরাপি প্রোটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসার ফলাফল মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণের পাশাপাশি চীনা বায়োমেডিকেল ইঞ্জিনিয়াররা রোবোটিক যন্ত্রপাতির সার্বিক কার্যকারিতা পরীক্ষা, প্রয়োজনীয় ক্যালিব্রেশন, ত্রুটি শনাক্তকরণ, রক্ষণাবেক্ষণ এবং কারিগরি সমস্যা সমাধানের কাজও সম্পন্ন করছেন। এর ফলে কেন্দ্রের রোবোটিক ডিভাইসগুলো আরো কার্যকর, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে রোগীদের সেবা প্রদান করতে সক্ষম হবে বলে মনে করে করছেন প্রশিক্ষন আয়োজনরা।
"







































