শেখ রফিক

  ২১ ফেব্রুয়ারি, ২০২৬

একুশের প্রথম সংকলন ও ‘আলী আশরাফ’ প্রসঙ্গ

২০০৯ সালের ফেব্রুয়ারি মাস। ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে ‘জয়ধ্বনি’ বের হবে। জয়ধ্বনি ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়নে’র একুশে প্রকাশনা। অর্থাৎ প্রতিবছর ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ প্রকাশনাটি বের হয়। একুশের সঙ্গে ছাত্র ইউনিয়নের মাতৃত্বের সম্পর্ক। ছাত্র ইউনিয়ন একুশেরই সন্তান। একুশকে ধারণ করার এবং একুশের তাৎপর্য বিনির্মাণ করার লক্ষ্যকে সামনে রেখেই এই সংগঠনটির জন্ম।

জয়ধ্বনিতে লেখা দিতে হবে- একুশ নিয়ে। এজন্য ভাষা-আন্দোলন সম্পর্কে লেখা কয়েকটি বই উল্টানো-পাল্টানো শুরু করলাম। সবশেষে ‘একুশে ফেব্রুয়ারি’ বইটি পেলাম। এটি একুশের প্রথম সংকলন বই। সম্পাদনায় হাসান হাফিজুর রহমান, প্রকাশক মোহাম্মদ সুলতান, পুথিপত্র প্রকাশনী।

‘পুথিপত্র প্রকাশনী’ ছিল মার্কসবাদী বইয়ের দোকান। মোহাম্মদ সুলতান এবং এম আর আখতার মুকুল মিলে শুরু করেছিলেন প্রকাশনাটি, যা ছিল বকশীবাজারে। এতে পরামর্শদাতা হিসেবে তাতে যোগ দিয়েছিলেন হাসান হাফিজুর রহমান। এম আর আখতার মুকুল বেশিদিন যুক্ত ছিলেন না প্রতিষ্ঠানটির সঙ্গে।

একুশের প্রথম সংকলনে যাদের লেখা ছাপা হয়েছিল, তারা হলেন আলী আশরাফ, শামসুর রাহমান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আবদুল গণি হাজারী, ফজলে লোহানী, আলাউদ্দিন আল আজাদ, আনিস চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ, জামালুদ্দিন, আতাউর রহমান, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান, শওকত ওসমান, সাইয়িদ আতিকুল্লাহ, আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম, আতোয়ার রহমান, মুর্তজা বশীর, সালেহ আহমদ, আবদুল গাফ্ফার চৌধুরী, তোফাজ্জল হোসেন, কবিরউদ্দিন আহমদ।

সংকলনটির প্রিন্টার্স লাইনে লেখা ছিল, পুথিপত্র প্রকাশনীর পক্ষ থেকে মোহাম্মদ সুলতান এটি প্রকাশ করেছেন। প্রচ্ছদ এঁকেছেন আমিনুল ইসলাম। রেখাঙ্কন করেছেন মুর্তজা বশীর ও অন্যান্য। পাইওনিয়ার প্রেসের পক্ষে এম এ মুকিত ছেপেছেন। ব্লক তৈরি করেছে এইচম্যান কোম্পানী, বাদামতলী, ঢাকা। প্রথম প্রকাশ মার্চ ১৯৫৩। দাম দুই টাকা আট আনা।

বইটির উৎসর্গপত্রে রয়েছে, ‘যে অমর দেশবাসীর মধ্যে থেকে জন্ম নিয়েছেন একুশের শহীদেরা, যে অমর দেশবাসীর মধ্যে অটুট হয়ে রয়েছে একুশের প্রতিজ্ঞা- তাদের উদ্দেশ্যে’। সেটা ছিল আনিসুজ্জামানের হাতের লেখায়। ‘পুঁথিপত্র’ লোগোটিও তৈরি করেছিলেন মুর্তজা বশীর। বইটি ছিল ক্রাউন সাইজে। পৃষ্ঠাসংখ্যা ছিল ১৮৩।

প্রিন্টার্স রেখাঙ্কনের স্থানে দেখা যাচ্ছে লেখা আছে মুর্তজা বশীর ও অন্যান্য। এই ‘অন্যান্য’ হচ্ছেন বিজন চৌধুরী। একুশে ফেব্রুয়ারিতে মুর্তজা বশীরের সঙ্গে স্কেচ করেছিলেন অগ্রজ শিল্পী বিজন চৌধুরী। এ ব্যাপারে মুর্তজা বশীর জানিয়েছেন, প্রথম যে লিনোকাটটি তিনি এঁকেছেন, সেটি একুশের স্মৃতি দগদগে থাকার সময়টিতেই। অন্যগুলো করা হয়েছে একুশে ফেব্রুয়ারি সংকলনের জন্য পরে। বিজন চৌধুরীর নাম দেওয়া সম্ভব হয়নি সম্ভবত এ কারণে যে তখন কমিউনিস্ট, অমুসলমান ইত্যাদি বিষয়গুলো ছিল খুবই স্পর্শকাতর।

একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার পরপরই তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। মোহাম্মদ সুলতানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক লিখছেন, ‘ভাষা আন্দোলন, বিশেষ করে একুশের চেতনাধৃত কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ইত্যাদি নিয়ে মুর্তজা বশীরের স্কেচশোভিত এ সংকলন নানা দিক বিচারে ঐতিহাসিক মর্যাদা পাওয়ার যোগ্য। আর এ সংকলনের প্রতিবাদী চরিত্রের কারণে, সম্ভবত প্রকাশক হিসাবে যুবলীগ নেতার সংশ্লিষ্টতার কারণে, সর্বোপরি এর পাঠকপ্রিয়তার কারণে যথারীতি প্রকাশকের আস্তানায় পুলিশের তল্লাশি এবং শেষ পর্যন্ত সংকলনটিকে নিষিদ্ধ করা হয়। পরে ১৯৫৬ সালে আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী থাকাকালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।’

‘একুশে ফেব্রুয়ারি’ বইটি পড়লাম। পড়ে এই বইটি নিয়ে কমরেড আসলাম উদ্দিন ও শামসুল আলম সজ্জনের সঙ্গে আলোচনা করলাম। তারা বইটি সম্পর্কে বললেন, এটিই একুশের একমাত্র প্রথম সংকলন বই। আরো অনেকের সঙ্গে বইটি নিয়ে কথা হয়েছিল। কেউ একজন আমাকে বলেছিল একুশের প্রথম সংকলনের প্রথম প্রবন্ধটি লিখেছেন খুব সম্ভবত কমিউনিস্ট পার্টির ঢাকা জেলার নেতা কমরেড জ্ঞান চক্রবর্তী (আলী আশরাফ তার ছদ্মনাম)। ওই সময় পার্টি নিষিদ্ধ থাকায় অধিকাংশ কমিউনিস্ট নেতৃত্ব ছদ্মনাম ব্যবহার করতেন।

যাইহোক একুশে ফেব্রুয়ারি নিয়ে দুই পৃষ্ঠার একটি প্রবন্ধের যাবতীয় তথ্য-উপাত্ত এই বই থেকে নিয়েছিলাম। লেখাটির সুবাদে বেশ ভালো করেই বইটি পড়া হয়েছিল।

২০১৪-১৫-১৬ সালের বইমেলায় বিপ্লবীদের কথা প্রকাশনাতে একুশ নিয়ে কোনো বই না থাকায় পাঠকদের অনেক কথা শুনতে হয়েছে। এই কথা শুনার যন্ত্রণা থেকে বাঁচার জন্য ভাষা-আন্দোলন নিয়ে ২০১৭-এর বইমেলায় বই প্রকাশ করার উদ্যোগ নিই। কিন্তু ভাষা-আন্দোলন নিয়ে তো অনেক কাজ ইতোমধ্যে হয়েছে। নতুন করে আর কি কাজ! আর যে কাজ হয়নি সে কাজ যারা ভাষা-আন্দোলনে যুক্ত ছিলেন- কেবল তারাই সম্পূর্ণ করতে পারেন। ভাষা-আন্দোলনের বাদ পড়া ইতিহাস নিয়ে আহমদ রফিক লিখিত ‘ভাষা-আন্দোলনে ইতিহাস বিকৃতি: তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি’- এই বইটি প্রকাশ করছে ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’।

‘সকল ভাষার সমান মর্যাদা’ একুশের প্রথম সংকলনের প্রথম প্রবন্ধ, যার লেখক আলী আশরাফ- এটি ছদ্মনাম। কিন্তু ভাবনার বিষয় এই আলী আশরাফ কে? তাই পূর্বে শোনা ‘খুব সম্ভবত’ বিষয়টি (প্রবন্ধটি লিখেছেন খুব সম্ভবত কমিউনিস্ট পার্টির ঢাকা জেলার নেতা কমরেড জ্ঞান চক্রবর্তী) নিয়ে গবেষণা শুরু হলো। ভাষা-আন্দোলন নিয়ে লেখা বইগুলোতে কোথাও খোঁজ মিলল না। সাপ্তাহিক একতা পত্রিকার পুরোনো সংখ্যাতেও পেলাম না কোনো তথ্য। ফোনে কথা বললাম মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে (নভেম্বর ২০১৬)। তিনিও বিষয়টি নিশ্চিত করতে পারলেন না।

তারপর কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য, অজয় রায়, এম এম আকাশ, মোজাম্মেল হোসেন, অজয় দাস গুপ্ত, নূর মোহাম্মদ, রাজেকুজ্জামান রতন, আনিসুর রহমান মল্লিক, রাশেদ খান মেনন, শেখর দত্ত, নূহ-উল আলম লেলিন, ড. সফিউদ্দিন আহমেদ, ড. তাইবুল ইসলামসহ আরো অনেকের সঙ্গে কথা বললাম- কিন্তু কেউই এ বিষয়ে কিছু বলতে পারলেন না।

অবশেষে কথা বললাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে। তিনি জানালেন ‘এই প্রবন্ধটি কমরেড খোকা রায়ের লেখা। একবার ভাষা-আন্দোলনের প্রথম সংকলন নিয়ে কথা প্রসঙ্গে কমরেড খোকা রায় বলেছিলেন যে, পার্টি নিষিদ্ধ থাকার কারণে তিনি আলী আশরাফ নামে প্রবন্ধটি লিখেন। এ নামটি ওই সময়ে তার ছদ্মনাম ছিল। তারপরও তুমি এই বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য ভাষাসংগ্রামী ড. আনিসুজ্জামান ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের কাছে জেনে নিও।’

এরপর কমরেড মনজুরুল আহসান খান ও আবদুল্লাহ আল ক্বাফীর (রতন) সাথে কথা হয়। তারা দু’জনই লেখাটি খোকা রায়ের বলে জানান। তাদের কাছে এই লেখাটির অথেনটিক তথ্যসূত্র কোথা পেতে পারি জানতে চাওয়া হলে- কমরেড মনজুরুল আহসান খান বলেন তিনি কমরেড খোকা রায়ের কাছে শুনেছেন। আর রতন ভাই বলেন কমরেড মনজুরুল আহসানের কাছে শুনেছি।

তারপর মতিউর রহমানের কথা অনুসারে ভাষাসংগ্রামী ড. আনিসুজ্জামান ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের সঙ্গে কথা হয়। তারা দু’জনই একবাক্যে বলেন- ‘সকল ভাষার সমান মর্যাদা’ একুশের প্রথম সংকলনের প্রথম প্রবন্ধটি কমরেড খোকা রায় লিখেছেন- আলী আশরাফ তার ছদ্মনাম। ভাষাসংগ্রামী ড. আনিসুজ্জামান আরো জানান এ বিষয়টি আমি আমার একটি প্রবন্ধে উল্লেখ করেছি। স্বস্তির প্রাণবন্ত নিশ্বাস ছাড়লাম এবং সিদ্ধান্ত নিলাম একুশের লেখা ও স্মৃতিচারণ নিয়ে বই প্রকাশ করার। তার ধারাবাহিকতায় ‘২১ (প্রথম খণ্ড)’ বইটি বিপ্লবীদের কথা প্রকাশনা থেকে প্রকাশিত হয়।

ভাষাসংগ্রামী আহমদ রফিক লিখিত ‘ভাষা-আন্দোলনে ইতিহাস বিকৃতি: তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি’ বইটি তিনি লিখেছেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন সম্পর্কিত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা চলে যে এ আন্দোলনে নেপথ্যবাসী কমিউনিস্ট পার্টির পক্ষে যতটা সম্ভব ততটা ভূমিকা তারা রেখেছে কিছুটা প্রত্যক্ষভাবে এবং প্রধানত পরোক্ষভাবে। বিশেষ বিচারে দেখা যাবে যে এ আন্দোলনের ছাত্র-যুব নেতৃত্বের একটি বড়সড় অংশ হয় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা আদর্শিকভাবে তাদের সহযাত্রী। সাধারণভাবে কমিউনিজম বিরূপতার কারণে মহল বিশেষ আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা নাকচ বা অবমূল্যায়নের চেষ্টা করেছে অথবা যুক্তিতথ্যহীন বিতর্ক সৃষ্টি করেছে।’

... ‘আরো একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে একুশে ফেব্রুয়ারি বিকেলে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার মেডিকেল ব্যারাক প্রাঙ্গণে ছাত্রজমায়েতের পরবর্তী করণীয় বিষয় সম্পর্কে বক্তৃতা করছেন এবং পরবর্তী দু’তিন দিন হোস্টেলে থেকে সক্রিয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন, ছাত্রকর্মীদের সঙ্গে কথা বলছেন। অবশ্য আত্মগোপনে থাকা কমিউনিস্ট নেতা হিসেবে মিছিলে যোগ দেওয়া যে তার পক্ষে সম্ভব ছিল না সে কথা বলাই বাহুল্য। কমিউনিস্ট পার্টির আত্মগোপনে থাকা দু’একজন জ্যেষ্ঠ নেতাও সন্ধ্যার পর হোস্টেলে এসে ছাত্র-যুব নেতাদের সঙ্গে কথা বলেছেন। যেমন জ্ঞান চক্রবর্তী, সুনীল ঘোষ, খোকা রায় প্রমুখ।’

খোকা রায় ১৯০৭ সালের মার্চে ময়মনসিংহ-এ জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে কংগ্রেসের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে ১৯২১ সালের অসহযোগ আন্দোলনে অংশ নেন এবং পরে সশস্ত্র বিপ্লবী সংগঠন যুগান্তরের আন্ডারগ্রাউন্ড শাখায় কাজ করেন। তিনি আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ পড়ার সময় বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন এবং ১৯৩৩ সালে গ্রেপ্তার হয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড পান; এক পর্যায়ে তাকে আন্দামান সেলুলার জেল-এ পাঠানো হয়, যেখানে মার্কস-লেনিনের ভাবধারায় প্রভাবিত হন।

১৯৩৮ সালে মুক্তি পেয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি-তে যোগ দিয়ে ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক হন এবং দীর্ঘদিন গোপনে পার্টির কাজ পরিচালনা করেন। ১৯৪৩ সালে প্রাদেশিক নেতৃত্ব নির্বাচিত হন এবং দেশভাগের পর ঢাকায় থেকে সংগঠন পরিচালনা অব্যাহত রাখেন। তিনি ‘সংগ্রামের তিন দশক’ গ্রন্থের রচয়িতা। দীর্ঘ সংগ্রামী জীবনের পর ১৯৯২ সালের ৯ ডিসেম্বর কলকাতা-এ তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়