সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে এক যৌথ অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের (পরিচিতি নম্বর: ১৭৯৯৯) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে উদ্যান এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়।
অভিযান পরিচালনা করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ডিএসসিসির এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









































