থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বেবিচকের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত কিছু সংবাদে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থাটি জানিয়েছে, এসব তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রস্তুতি।
রবিবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কয়েকটি প্রতিবেদনে প্রকল্পের বাস্তব অবস্থা, অনুমোদিত নথি, চুক্তির শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আংশিক তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই বছর আগে শেষ হয়েছে থার্ড টার্মিনালের নির্মাণকাজ। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অপারেশনাল প্রস্তুতি, বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত কাজ সম্পন্ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের জন্য প্রয়োজন হয়েছে অতিরিক্ত সময়। বর্তমানে এসব প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরে টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে এগিয়ে চলছে কাজ।
বেবিচক জানায়, এ সময়ে প্রকল্প সম্পর্কে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রচার হলে জনমনে ভুল ধারণা তৈরি হতে পারে। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্পের ভাবমূর্তি, আন্তর্জাতিক অংশীদারদের আস্থা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টার্মিনাল চালুর প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব রাষ্ট্রীয় রাজস্ব আহরণ এবং দেশের এভিয়েশন খাতের উন্নয়নেও পড়তে পারে।
বেবিচক আরও জানায়, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষার অন্যতম শর্ত। তাই সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরকেন্দ্রিক গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সবার সচেতন সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।









































