সিরাজগঞ্জ প্রতিনিধি
কাজীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংগঠনের জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি কাজীপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতারা চিঠিতে উল্লেখ করেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে জেলা বিএনপি সরাসরি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না। তাই সংশ্লিষ্ট সংগঠনের জেলা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য একটি চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর আগেও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।









































