ফেনী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ফেনীতে গাছের সঙ্গে দ্রুতগতির ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে সঙ্গে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৪, জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)। তিনি ট্রাকের হেলপার (চালকের সহকারি) ছিলেন। অন্যজন ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)।

এ ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী দ্রুতগতির ট্রাকটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালক সিদ্দিকুর ও তাঁর ছেলেও আহত হন। আহত অবস্থায় দুই পথচারীসহ চারজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন। চালক সিদ্দিকুর রহমানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) মোহাম্মদ শহীদ বলেন, দুর্ঘটনায় কিশোরটির মাথা ও ঊরুতে জখম হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়