তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে প্রভাষক স্বামীর হাতে স্ত্রী খুন, এক মাস পর ৪ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী আতিকা খাতুনকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর তাড়াশ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ভোররাতের অভিযানে আসামিরা গ্রেপ্তার: পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন (৪০), মো. আল আমিন (৩২) (উভয়ের পিতা: মো. এন্তাজ আলী), মোছা. শিউলী খাতুন (৪০), স্বামী: মো. আলাউদ্দিন ও মো. শাহজাহান আলী (৪৫), পিতা: মো. এন্তাজ আলী।
নির্মম সেই হত্যাকাণ্ডের পটভূমি: গত ২৮ মে দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জেরে আতিকা খাতুনের ওপর প্রথমে শারীরিক ও মানসিক নির্যাতন চালান তার স্বামী কলেজ প্রভাষক আবদুল্লাহ আল মামুন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে আতিকার বুকের বাম পাশে আঘাত করেন।
আতিকার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক স্বামীসহ মামলার সব আসামি পলাতক ছিলেন।
পুলিশের বক্তব্য: তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল হোতা, ঘাতক স্বামী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পিডিএস/এমএইউ









































