সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী’ শুরু হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আমেজ তৈরি হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, "রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন বিশ্বপ্রেম এবং আত্মার মুক্তি; অন্যদিকে নজরুল আমাদের দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, সাম্য এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তি। এই দুই মহান মানুষের মেলবন্ধনই বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি।"
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মাকে মুক্ত করা। বিশ্ববাজারে টিকে থাকার জন্য বর্তমান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের ওপর জোর দেন তিনি। একই সাথে দুই কবিকে কেবল সাহিত্যিক নয়, বরং সমাজ সংস্কারক ও মানবিকতার আদর্শ হিসেবে অবিহিত করেন।
জয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র মেলা’। উপাচার্য মহোদয় জানান, এই মেলা কেবল কেনাবেচার স্থান নয়, এটি লোকজ সংস্কৃতি ও রবীন্দ্র-চেতনার এক অপূর্ব প্রদর্শনী।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ‘গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে’ রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে “রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি এবং প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল। প্রথম দিনের শেষভাগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমাপনী দিনের কার্যসূচি : উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে রবীন্দ্র মেলা পুনরায় শুরু হয়েছে। দুপুরে “নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব-দর্শন: আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে অংশ নেবেন বিশিষ্ট নজরুল গবেষক আবদুল হাই শিকদার।
বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
পিডিএস/এমএইউ









































