নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নবীনগরে ছাত্রলীগ নেতা তায়েফ গ্রেপ্তার: ছাড়াতে ছাত্রদলের তদবিরের অভিযোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে পৌর এলাকার কনিকাড়া ব্রিজ সংলগ্ন মেয়র মার্কেট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তায়েফ সরকার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার কাতার প্রবাসী তোফায়েল সরকারের ছেলে।

ঘটনার পটভূমি ও ভাইরাল ভিডিও: স্থানীয় সূত্রে জানা যায়, তায়েফ সরকার উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন। সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার বিভিন্ন দেওয়ালে লাগানোর সময় তায়েফের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই তিনি স্থানীয়ভাবে তুমুল আলোচনা ও সমালোচনার কেন্দ্রে আসেন। উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকালীন ছাত্র-জনতার আন্দোলনের সময়ও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন।

থানা হাজতে তদবিরের অভিযোগ: নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাতে তায়েফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর তাকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রদলের একটি অংশ জোর তদবির চালায়। তবে এই তদবিরের অভিযোগের বিষয়ে ছাত্রদলের কোনো নেতার বক্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, তায়েফের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে। তবে ঠিক কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করেননি ওসি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়