মদন (নেত্রকোণা) প্রতিনিধি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মদনে পুলিশের তল্লাশি জোরদার

আজ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে নেত্রকোণার মদন উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মদন থানা পুলিশ।
সোমবার (২২ জুন) উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা যায়। পুলিশের এ অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণ ও সন্দেহজনক সামগ্রী অনুসন্ধান করা হয়।
মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ সালাহউদ্দিন করিম বলেন, “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।”
পিডিএস/এমএইউ









































