রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

রাণীশংকৈলে অসামাজিক কাজের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিমুলতলী এলাকায় একটি ফুচকা দোকানের আড়ালে গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় রুবেল হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পক্ষ থেকে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ : স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলতলী এলাকায় অবস্থিত ‘আর ফুচকা ও চটপটি হাউজ’-এ দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে বিশেষ গোপন কক্ষ (কেবিন) তৈরি করা হয়েছিল। সেখানে স্কুল-কলেজগামী অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের আপত্তিকর ও অনৈতিক কাজের সুযোগ করে দেওয়া হতো। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায়, পৌর শহরের ভান্ডারা এলাকার বাসিন্দা রুবেল হোসেন এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ফুচকা হাউজ সংশ্লিষ্ট ও তাদের মদদপুষ্ট একদল বখাটে রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রুবেল গুরুতর ও রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ক্ষোভ : নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাবারের দোকানের আড়ালে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ করায় যেভাবে এক যুবকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার সুষ্ঠু বিচার এবং ফুচকা হাউজটির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।

পুলিশের বক্তব্য : রাণীশংকৈল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জ্যোতিষ চন্দ্র জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়