সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাসিরউদ্দিনসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
পরে উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় ৫০০টি চারাগাছ বিতরণ করা হয়েছে।
বিআরডিবি কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































