কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
স্কুলছাত্রকে নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে জুতাপেটা

পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রকে নিপীড়নের অভিযোগ উঠেছে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সবুর এর বিরুদ্ধে। অভিযুক্তকে সালিশ বৈঠকে জুতা পেটা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার পূর্ব গোসনতারা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্হানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও অভিযুক্ত ইমাম আব্দুস সবুর উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের আব্দুর রবের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ৬ টার দিকে পূর্ব গোসনতারা গ্রামের বায়তুল মামুর সরদার বাড়ি জামে মসজিদে ওই ছাত্রসহ এলাকার শিশুরা আরবি পড়তে যায়। তখন মসজিদের ইমাম তাদেরকে কিছু সময় পড়িয়ে ছুটি দিয়ে দেন। এসময় ইমাম আব্দুস সবুর ভুক্তভোগী ছাত্রকে মসজিদের ভিতরে ডেকে নিয়ে তার ওপর নির্যাতন চালায় এবং বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ২০ টাকা দেয়ার কথা বলে। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের কাছে বললে তারা বিষয়টি মসজিদের মোতাওয়াল্লীকে জানান। পরে এ ঘটনায় মসজিদের মোতাওয়াল্লী ও স্থানীয়রা সকাল ৯ টার দিকে মসজিদে সালিশ বৈঠকে অভিযুক্ত ইমামকে জুতা পেটা করেন।
এবিষয়ে মসজিদের মোতাওয়াল্লী মোঃ মনির হোসেন সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত মসজিদের ইমাম আব্দুস সবুরকে সালিশ বৈঠকে জুতা পেটা দিয়ে তাকে মসজিদ থেকে বাদ দেয়া হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনে বিষয়টি তদন্তের জন্য ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিডিএস/এমএইউ









































