রাজবাড়ী প্রতিনিধি
দেড় বছর পর জামিন পেলেও মুক্তি মিললো না সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর

দীর্ঘ প্রায় দেড় বছর পর হাইকোর্ট থেকে জামিন লাভ করলেও কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। তাকে বৃহস্পতিবার দুপুরে অপর একটি পৃথক মামলায় শোন এ্যারেষ্ট মঞ্জুর করেন। পরে আদালত থেকে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কাজী কেরামত আলীর আইনজীবীরা জানান, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা জিআর নং-৩৩২/২৪ মামলার ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া জিআর নং-৩৩৪/২৪ মামলাতেও তাকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জিআর ৩৩৪/২৪ মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর এবং জিআর ৩৩২/২৪ মামলায় গত ৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী কেরামত আলী। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে অপর জিআর ৩৬৫/২৪ একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে।
বৃহস্পতিবার রাজবাড়ীর ১ নং আমলি আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী ও সাবেক পিপি উজির আলী শেখ, সাবেক জিপি মোঃ আনোয়ার হোসেন, সাবেক এপিপি মোঃ রফিকুল ইসলাম, সাবেক জিপি শফিকুল আজম মামুন, মোঃ শফিকুল হোসেন, আশরাফুল ইসলাম আশা বলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী একজন বিনয়ী ও সাদামাটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছয়বার জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ লালন পালনের অভিযোগও নেই। তাদের দাবি, যেসব মামলায় তাকে আসামি করা হয়েছে, তা জামিন যোগ্য। তাছাড়া ওই সব ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততাও নেই।
আইনজীবীরা আরও জানান, বর্তমানে ৭৫ বছর বয়সী কাজী কেরামত আলী শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা সেবা প্রদান অত্যান্ত জরুরি।
পিডিএস/এমএইউ









































