চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু`বন্ধু নিহত, আহত অপরজন

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু`বন্ধু নিহত, অপর বন্ধু আহত হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু'বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু পা-কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়ার অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদেরের সাথে দেখা করতে আসা চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার অজ্ঞাত দু'বন্ধু বন্ধু কাদেরকে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে এদিন সন্ধ্যা ৬টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা 'মহানন্দা মেইল' ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই অজ্ঞাত দু'যুবকের নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পিডিএস/এমএইউ









































