লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় শিশু ধর্ষণে অভিযুক্ত বাদশা ড্রাইভার গ্রেপ্তার

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা গ্রামে ১২ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত মঙ্গলবার রাতে শিশুর মা ঘরে না থাকার সুযোগে বাদশা ড্রাইভার নামে এক ব্যক্তি একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ বাদশা (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করে, বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়।
অভিযুক্ত বাদশা ফাইতং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রাইম্যাখোলা এলাকার নজির আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুর মা ঘরে না থাকার সুযোগে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে শিশুর মা ঘরে ফিরলে বিষয়টি জানতে পারেন। পরিবারের পক্ষ থেকে লামা থানায় অভিযোগ করার পরপরই ফাইতং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচারে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। লামা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।









































