রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে জামায়াত কর্মী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের যুবক ও জামায়াতে ইসলামীর কর্মী আসাদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে নিহত আসাদুল ইসলামের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. হাফিজুর রহমান, নিহতের বাবা শাহজাহান মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, আসাদুল ইসলাম হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত হত্যার ঘটনা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করতে হবে এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।
পিডিএস/এমএইউ









































