নেত্রকোনা প্রতিনিধি
বিশ্বকাপ উন্মাদনায় হোসেনপুরে প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুরে ৫০ থেকে ৬০ বছর ঊর্ধ্ব বয়সী ব্যক্তিদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। বিশ্বকাপের আমেজে আয়োজিত এ খেলায় এলাকার প্রবীণ ফুটবলপ্রেমীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। বয়সের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে মাঠে নেমে তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা, উদ্দীপনা ও ক্রীড়াস্পৃহা প্রদর্শন করেন।
খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, প্রবীণদের শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখা এবং সমাজে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, নিয়মিত খেলাধুলা সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে যুবদল নেতা নজরুল আলম ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব চারা বিতরণ করেন।
ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত দর্শকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
পিডিএস/এমএইউ









































