শাহজালাল মাজারে দানের ডেগ সিলগালা, বসল বাক্স

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের তিনটি ডেগ (বিশাল হাঁড়ি) সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়।
একই সঙ্গে মাজারের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স বসানো হয়েছে এবং সেগুলোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং দান সংগ্রহের প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে ডেগগুলো সিলগালা করা হয়েছে। এ সময় বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, ‘মাজারের দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সব দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে। পাশাপাশি এগুলোর নিরাপত্তায় আনসার সদস্যরা থাকবেন।’









































