বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট। ফিক্সিংয়ের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি না পাননি ফুটবলার এলিয়ে ওয়াহি।
ফলে আগামী শনিবার (২০ জুন) জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আইভরি কোস্টের ফরোয়ার্ড। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও তারা নিশ্চিত করেছে, এই ফুটবলার কানাডায় প্রবেশের অনুমতি পাননি।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ফ্রান্সের শীর্ষ লিগে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল ২৩ বছর বয়সী ওয়াহিকে। নিসের বিপক্ষে এক ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফরাসি লিগ কর্তৃপক্ষও জানিয়েছে, ওই হলুদ কার্ডকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল।
গত সোমবার ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওয়াহি। খেলেছিলেন ৫৬ মিনিট। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল। ৯০ মিনিটে জয়সূচক গোল করেছিলেন আমাদ দিয়ালো। ৫৬ মিনিটের সময় বাজারমানা তুরের বদলি হিসেবে নেমেছিলেন দিয়ালো।
এবারের বিশ্বকাপে দ্বিতীয় ফুটবলার হিসেবে কানাডায় ঢোকার অনুমতি পাননি ওয়াহি। এর আগে চলমান একটি ফৌজদারি মামলার কারণে ঘানার মিডফিল্ডার থামাস পার্টেইকেও ভিসা দেয়নি কানাডা।









































