ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে ৬ বছর পর জমি ফিরে পেল মাদরাসা

দীর্ঘ ছয় বছর ধরে বেদখল করে রাখা মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা জমিটি আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে পুনরুদ্ধার করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
নোটিস সূত্রে জানা যায়, জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বেলা সাড়ে ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, ফায়ার সার্ভিস, উচ্ছেদ কর্মী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার জানান, আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
"






































