ঝিনাইদহ প্রতিনিধি
১১ ঘণ্টা আগে
বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্দসহ আইনজীবীরা অংশ নেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি এস এম মশিয়ুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হলেও ৩০-৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। তাই আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার দাবি জানান তারা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































