আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট
আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার সকালে রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উত্তরদিকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ঘটেছে।
নিহতের মানিব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, নিহত আশরাফুল ইসলাম (২৩) পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তরদিকে রেললাইনের পাশে অবস্থান করছিলেন তিনি। একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের দিকের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী নয়ন হোসেন বলেন, ট্রেনটি খুব ধীরগতিতে স্টেশন ছেড়ে যাচ্ছিল। হঠাৎ দেখি যুবকটি ট্রেনের পেছনের বগির দিকে এগিয়ে গিয়ে ট্রেনের নিচে মাথা দেন। এতে তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মুঠোফোন থেকে যোগাযোগ করা হলে নিহতের মামা
পরিচয় দিয়ে মাহবুব আলম বলেন, আশরাফুল রাজশাহীতে
রাজমিস্ত্রির কাজ করতেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তারা জানেন না।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল আলম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
"






































