তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তারাগঞ্জে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত শিশু সানজিদা হত্যা মামলার ঘটনায় মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
গত সোমবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদ ইসলাম ভীমপুর কোরানিপাড়া গ্রামের বাসিন্দা। সে সেকেন্দার আলীর ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার বাড়ির পাশে খেলতে গিয়ে সানজিদা আক্তার (৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরের দিন শনিবার স্থানীয় লোকজন বাড়ির নিকটবর্তী ডালিয়া ক্যানেলের পাশে একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে সেই পাটক্ষেত থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, সানজিদা হত্যা মামলার তদন্তের স্বার্থে মুজাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
"






































