রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টায় মসজিদের ইমাম গ্রেপ্তার

রাজবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম মোঃ ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ জুন) দুপুরে ইমাম মোঃ ওয়াহিদুজ্জামানকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে। ওই মামলার প্রেক্ষিতে ওইদিন বিকালে এ মামলার আসামি ইমাম মো. ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওহিদুজ্জামান ফরিদপুর জেলার ভাংগা উপজেলার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগার ডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার কালারদোয়াল জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি তিন মাস আগে এ মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন।
মামলার বাদী ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার ৭ ও ১০ বছর বয়সী দুই মেয়ে ও ভাতিজা শুক্রবার ভোর ৬ টায় ওই মসজিদের মকতব বিভাগে আরবী পড়তে যায়। ওই মসজিদের ইমাম মোঃ ওয়াহিদুজ্জামান তার ছোট মেয়েকে বারান্দায় রেখে বড় মেয়ে ও ভাতিজাকে মসজিদ পরিষ্কারের জন্য ভেতর পাঠায়। এই সুযোগে মসজিদের ইমাম মোঃ ওয়াহিদুজ্জামান তার ছোট মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ছোট মেয়ের চিৎকারে মসজিদের ভেতর থাকা বড় মেয়ে ও ভাতিজাসহ আশেপাশের লোকজন এগিয়ে আসে। সে সময় পরিস্থিতি বেগতিক দেখে ইমাম ওয়াহিদুজ্জামান সেখান থেকে পালিয়ে য়ায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহাবুদ্দিন খান জানান, ওই ঘটনায় ইমাম মোঃ ওয়াহিদুজ্জামানকে আসামি করে মেয়েটির বাবা রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
"







































