নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভাষাসৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন

তৃতীয় দফা জানাজা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুনের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল আটটায় উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল দশটায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় এবং সবশেষে বাদ জোহর পাঁচ বাড়িয়া গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গতকাল শনিবার ভোরে রাজধানীর উত্তর ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশা বেগম কর্মজীবনে মহাহিসাবরক্ষণ অধিদপ্তেরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পরও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
তিনি নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং এক মাস কারাবরণ করেন।
"





































