ইসরাত জাহান
লিভারের যত্নে অ্যাপল সাইডার ভিনেগার

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অ্যাপল সাইডার ভিনেগার, এমনটিই উঠে এসেছে গবেষণায়। অ্যাপল সাইডার ভিনেগার নিয়মিত গ্রহণ করলে লিভারের চর্বি কমানো, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা শক্তি বাড়াতে সহায়তা করতে পারে।
ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ : শরীরের কোষগুলোর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে গেলে হতে পারে ডায়াবেটিস। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং লিভারে চর্বি জমতে পারে। অ্যাপল সাইডার ভিনেগার খাবার বা পানিতে মিশিয়ে খেলে খাওয়ার পর রক্তে শর্করা হঠাৎ করে বেড়ে যাওয়া কমে যায়। ফলে দেহে অতিরিক্ত ইনসুলিন স্পাইক হয় না। তবে লিভারে চর্বি জমার ঝুঁকি কিছুটা হ্রাস পায়।
ওজন নিয়ন্ত্রণ : দৈনিক পাঁচ থেকে ১৫ মিলিলিটার অ্যাপল সাইডার ভিনেগার গ্রহণ করলে খাওয়ার পর দীর্ঘ সময় তৃপ্ত থাকা যায়, ঘন ঘন খাওয়ার ইচ্ছা কমে আসে। ফলে প্রতিদিনের ক্যালরি গ্রহণ কমে যায়, ওজন থাকে নিয়ন্ত্রণে। তবে এর পাশাপাশি সুষম খাদ্য ও ব্যায়ামের সঙ্গে এটি মিলিয়ে ব্যবহার করতে হবে। ওজন কমলে ফ্যাটি লিভার ও প্রদাহ দুটিরই প্রকোপ কমে যায়।
লিপিড প্রোফাইল উন্নত করে : অস্বাস্থ্যকর লিপিড প্রোফাইল; যেমন- রক্তে উচ্চমাত্রায় এলডিএল (খারাপ কোলেস্টেরল) এবং উচ্চ ট্রাইগ্লিসারাইড বা টিজি লিভারের সমস্যা বাড়াতে পারে। অ্যাপল সাইডার ভিনেগার লিপিড প্রোফাইল উন্নত করতে সাহায্য করতে পারে। ফলে লিভারের স্বাস্থ্য থাকে অটুট।
যেভাবে গ্রহণ করা উচিত : সরাসরি অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া ঠিক নয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে এবং পেটের শিরায় আঘাত করতে পারে। এক-দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার একটি বড় গ্লাসের পানিতে মিশিয়ে খাওয়া ভালো। প্রথমে কম পরিমাণে শুরু করুন। ধীরে ধীরে এক টেবিল চামচ পর্যন্ত নিয়ে আসুন। খাবারের আগে খেলে ভালো হয়।
যারা এড়িয়ে চলবেন : দীর্ঘমেয়াদি কিডনির সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার আছে এমন রোগীদের অ্যাপল সাইডার ভিনেগার পান করা উচিত নয়। যারা ডায়াবেটিস বা হার্টের ওষুধ খাচ্ছেন, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করবেন না। অন্যান্য টক খাবারের সঙ্গে অ্যাপল সাইডার ভিনেগার একসঙ্গে না খাওয়াই ভালো। একদম খালি পেটে শুধু অ্যাপল সাইডার ভিনেগার কখনোই খাবেন না। সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেতে হবে।
লেখক : পুষ্টিবিদ
স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ার, ধানমণ্ডি
"









































