নিজস্ব প্রতিবেদক
সংসদের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
* শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি * সায়েন্সল্যাব, মিরপুর ও উত্তরায় সড়ক অবরোধ * জেলায় জেলায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সেখানেও ধাওয়া দেয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেছেন। দাবিগুলো হলো- ১. দেশের বিভিন্ন এলাকায় চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে, ২. বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং ৩. পরীক্ষার্থীদের অবমাননা করার দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পূর্বঘোষণা অনুযায়ী পরীক্ষার্থীরা রাস্তায় নেমে এলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের। উত্তরার বিএনএস সেন্টারের সামেনে অবরোধের ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ জ্যামের। ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অবরোধের ঘটনায় সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে। এর প্রভাব অন্যান্য সড়কেও পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম জানান, ‘সায়েন্সল্যাব ও মিরপুরের প্রভাব রাস্তায় পড়েছে। আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
জানা গেছে, সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার এক পর্যায়ে সংসদ ভবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতিনিধিদল। সে সময় পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সরে গিয়ে তারা আড়ংয়ের সামনে অবস্থান নিলে সেখানেও পুলিশ ধাওয়া দেয়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, যেহেতু সংসদ চলছে। এ সময় এখানে কোন প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ। তারপরও শিক্ষার্থীরা এখানে এসেছে। আমরা ধৈর্য দেখিয়েছি। এরপর আমাদের পুলিশের ওপর তারা ইটপাটকেল ছুঁড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চেয়েছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।
এদিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। পরে মিরপুর এলাকায়ও শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, ?কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও পরীক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের এ আকস্মিক কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সায়েন্সল্যাবসহ বিভিন্ন বিক্ষোভ স্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জেলায় জেলায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ:
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল, ময়মনসিংহসহ অন্তত ১১ জেলায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণ ও অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। বেলা তিনটার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টা ধরে এখানে আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব, জানি না।’
ময়মনসিংহে মহাসড়ক অবরোধ:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে নগরের টাউন হল এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে তাঁরা বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচিতে নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ:
দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। গতকাল বেলা সোয়া ১১টার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’
এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিন দফা দাবিতে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, মুরগি মুরগি, কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে কান্দিরপাড় থেকে মিছিল নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
বগুড়ায় সাতমাথা ব্লকেড:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তাঁরা নগরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি সাতমাথা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে ফিরে আবার সাতমাথায় অবস্থান নেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ:
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলপাই এলাকায় গিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে তিনটা পর্যন্ত তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ শুরু করেন।
দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন। এরপরও বেলা আড়াইটা পর্যন্ত তাঁরা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সিলেটে অবস্থান কর্মসূচি:
এদিকে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ‘সিলেটের সার্বজনীন শিক্ষার্থী’ ব্যানারে বেলা দুইটার দিকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার। শিক্ষামন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় তাঁরা তাঁর পদত্যাগ দাবি করছেন।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।
কুড়িগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন:
একই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। কর্মসূচিতে কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসান প্রমুখ বক্তব্য দেন।
সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ:
শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেল চারটায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় জেলা শিক্ষা কার্যালয়ের সামনে ‘সব কলেজের সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
রংপুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ:
একই দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে রংপুর জেলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
"






































