নিজস্ব প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৯৬ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। এক দিনে ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন এবং খুলনা বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৩১ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩১৮ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ২ হাজার ৫৭০ জন (মহানগরসহ), খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।

চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এনিয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৭৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকা মহানগরেই আছেন ১৪১ জন।

ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি : ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়