নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

রাজধানীর যানজট নিরসনে নতুন পরিকল্পনা

* পূর্বাচলে সরছে মহাখালী বাস টার্মিনাল * ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক * সায়েদাবাদ টার্মিনালের বিকল্প স্থান খোঁজা হচ্ছে

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর, গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল পূর্বাচলে সরানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের বিকল্প স্থান নির্ধারণ এবং হকার ও ফুটপাত ব্যবস্থাপনায়ও নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে নেওয়া হয়েছে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি নানা কর্মপরিকল্পনা।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় সভা শেষে এসব তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা। সভা শেষে ড. হাদিউজ্জামান বলেন, রাজধানীর টার্মিনালকেন্দ্রিক যানজট নিরসনে মহাখালী টার্মিনালে অবস্থানরত বাসগুলোর জন্য পূর্বাচলে অস্থায়ী ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসগুলো প্রয়োজন অনুযায়ী যাত্রী নিতে টার্মিনালে আসবে। এতে মহাখালী এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা, হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প প্রসঙ্গে ড. হাদিউজ্জামান বলেন, এ প্রকল্পে বিপুল বিনিয়োগ হয়েছে এবং দীর্ঘদিন জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা না করে কীভাবে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এবং জনসাধারণকে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায়, সে বিষয়ে কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়ন এবং গুলিস্তান এলাকা থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। হকার ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, হকারদের উচ্ছেদ না করে এবং বিশৃঙ্খল অবস্থাও বজায় না রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর বাস রাখার কারণে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এদিকে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়