মৌলভীবাজার প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী কাল মৌলভীবাজার যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার মৌলভীবাজার সফরে আসছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর মৌলভীবাজার জেলায় এটা তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি হওয়া সফরসূচি অনুযায়ী তিনি বিমানে সিলেট আসবেন। পরে সেখান থেকে সড়কপথে প্রথমে শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজারে এসে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে দুসাই রিসোর্টে দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ জেলার সার্বিক উন্নয়ন এবং বেশ কয়েকটি দাবিতে অপেক্ষার প্রহর গুনছেন। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন প্রতিদিনের সংবাদকে বলেন, প্রয়াত অর্থ এম সাইফুর রহমানের জেলা হিসেবে আমরা সোনার থালে ছিলাম। সদর হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষণার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পাশের হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে আমাদের জেলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান প্রতিদিনের সংবাদকে বলেন, আশা করছি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মৌলভীবাজার জেলাবাসীর প্রত্যাশা পূরণ করবেন। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কুলাউড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল বাছিত বাচ্চু প্রতিদিনের সংবাদকে বলেন, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি মৌলভীবাজার জেলার কুলাউড়া জুড়ী বড়লেখা কমলগঞ্জ উপজেলা। এ এলাকায় রয়েছে মাধবকুণ্ড ও হাম হাম জলপ্রপাত। আছে এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওর, সিলেটের নবাববাড়ি অসংখ্য চাবাগান নদনদী, খালবিল আদিবাসী পল্লী বিমানঘাঁটি রেলওয়ে জংশনসহ অনেক পর্যটনসমৃদ্ধ স্থান। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান এ এলাকার শমসেরনগর-উসমানগড়কে উপজেলা এবং কুলাউড়াকে হেডকোয়ার্টার করে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবি করছি।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়