বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অনন্য উচ্চতায় ববিতা

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীরা এই মুহূর্তে অপেক্ষায় আগামী ২ আগস্টের জন্য। কারণ সেইদিন যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম’। যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা খান মোহাম্মদ আলী। গতকাল ববিতার সঙ্গে কথা হলে তিনি জানান, জুলাই মাসের প্রায় শেষপ্রান্তে তিনি কানাডার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে কয়েকদিন বিশ্রাম শেষে এবং একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটানো শেষে তিনি জুলাইয়ের শেষ দিনেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন টরেন্টো থেকে। এরপর ২ আগস্ট আনন্দ মেলা’ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন খান মোহাম্মদ আলীও।

ববিতা বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোনো বড় সংগঠন থেকে এবারই প্রথম আমি আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। এর আগে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহন করেছি কিন্তু কোনো বড় অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহন এবারই প্রথম। যদিও অনুষ্ঠানটি ২৬ জুলাই হবার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ ফুটবল এবং চলমান নানা সমস্যার কথা বিবেচনা করে আগামী ২ আগস্ট চূড়ান্ত করা হয়েছে। আমিও এই আয়োজনে অংশগ্রহন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সেখানে দেখা হবে, কথা হবে, গল্প হবে এবং আড্ডা হবে। আয়োজক আলী ভাইয়ের সঙ্গে এই অনুষ্ঠান নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবকিছুর আপডেট আমি জানতে পারছি এবং আমাকে ঘিরে তাদের বিরাট আয়োজনের কথাও জানতে পারছি। আমার কাছে খুবই ভালোলাগছে। ধন্যবাদ জানাই আনন্দ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম ভাইকেও আমাকে এই আয়োজনে সম্মাননার ব্যাপারে উদ্যোগ নেবার জন্য।’

ববিতা বাংলাদেশের সিনেমার এমন একজন কিংবদন্তী নায়িকা যিনি মূলত বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে আজও প্রিয় হয়ে আছেন। বিশেষ করে অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ‘আনন্দমেলা’য় আজীবন সম্মাননা গ্রহনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতেও দেশের সিনেমাকে আরো উচ্চতায় নিয়ে যাবেন এমনটাই আশাবাদ করছেন সবাই।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস-এ ৫ আগস্ট তারিখটি ‘ববিতা ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়