আন্তর্জাতিক ডেস্ক

  ০১ অক্টোবর, ২০১৯

হুতি যুদ্ধবিরতির প্রস্তাব মানতে সৌদির প্রতি ইরানের আহ্বান

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। সম্প্রতি সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার পর ২০ সেপ্টেম্বর সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধের ঘোষণা দেয় ওই সশস্ত্র গোষ্ঠী। সৌদি জোটের হামলা বন্ধে হুতিদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, এ প্রস্তাব মেনে নিলে তা (যুদ্ধবিরতি প্রস্তাব) মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এ ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। এই ঘটনার জেরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আরো সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওই সশস্ত্র গোষ্ঠী। তখন রিয়াদ জানিয়েছিল, কথায় নয়, হুতিদের কাজে বিশ্বাস করবে সৌদি। পরে অবশ্য গত রোববার সৌদির নাজরানে ইয়েমেন সীমান্তে হামলার দাবি করে হুথিরা।

সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সমাজ ইয়েমেনের প্রস্তাবকে স্বাগত জানালেও দুঃখজনকভাবে সৌদি বাহিনী এখনো ইয়েমেনের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে যাচ্ছে ও যুদ্ধের দাবানল জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। তেহরান রিয়াদকে ইয়েমেনের প্রস্তাব মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়