নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষে গতকাল বুধবার থেকে এ সুবিধা চালু করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এই সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ বাড়ছে। এর ফলে করদাতারা এখন ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্য স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (িি.িবঃধীহনৎ.মড়া.নফ) সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুত করে রিটার্ন জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন। এ সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিল করা রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাগণকে বিশেষ অনুরোধ জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়