শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়ক
শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ভ্যান, অটোরিকশা ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কাওছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কাওছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটের গ্রামের মুতি মিয়ার ছেলে। হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন। থানার পুলিশ জানান, ভোর সকাল ৭টার দিকে ঢাকাগামী একটি মুরগিবাহী পিক-আপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পিকআপ ভ্যান ও অটোরিকশা সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাওছার মিয়ার মৃত্যু হয়। অপরদিকে পিকআপ ভ্যানের হেলপার, অটোরিকশা সিএনজি চালক ও ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সকাল ৭টার দিকে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক, মুরগিবাহী পিক-আপ ভ্যান ও অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
"







































