মো. জাহিদুল ইসলাম
রাজধানীতে স্বামী-স্ত্রীকে অপহরণের অভিযোগ

রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান ও তার স্ত্রী নার্গিস আরা পলি অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকার জের ধরে গোলাম মোস্তফা বাদল ও তার সহযোগীরা তাদের অপহরণ করেছে বলে জানিয়েছে পরিবার। তাদের দুই মেয়েকেও অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোলাম মোস্তফা বাদল নার্গিসের আপন খালাতো ভাই। ব্যবসার প্রয়োজনে নার্গিস তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন। এরই মধ্যে তিনি কিছু টাকা পরিশোধও করেছেন। বাকি টাকার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছিলেন বাদল। একপর্যায়ে কয়েক দিন আগে বাদল ও তার লোকজন নার্গিসকে মিরপুরের মনিপুরী এলাকার বাসা থেকে তুলে নেয়। তারা তাকে জিম্মি করে গত মঙ্গলবার রাতে তার স্বামী মিজানুর রহমানকেও ডেকে নিয়ে জিম্মি করে। নার্গিসের বাবা প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম বলেন, মিজানুরকে নিয়ে বাদল ও তার সহযোগীরা তালতলা এলাকার এলিট আলী সরদার টাওয়ারে এসেছিল। তার সামনেই মিজানুরকে লাঠি দিয়ে বেদম মারপিট করে বাদল। একপর্যায়ে তারা মিজানুরের দুই মেয়ে আদুরী ও মায়াকে জোর করে তুলে নিয়ে যেতে চায়। তাতে বাধা দেওয়ায় মিজানুরকে নিয়েই তারা চলে যায়। এরপর থেকে মিজানুর ও নার্গিসের কোনো খোঁজ মিলছে না। বাদল তার কাছে ২০ লাখ টাকা দাবি করেছেন।
মিজানুর রহমানের সিনিয়র অফিসার ফারুক ইকবাল ভূঁইয়া বলেন, শুনেছি মিজানুরকে তার এক আত্মীয় ডেকে নিয়ে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত। লেনদেন নিয়ে মিজানুর ঝামেলায় ছিলেন।
অভিযুক্ত গোলাম মোস্তফা বাদল স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অপহরণের বিষয়ে জানতে শেরে বাংলা নগর থানার ওসিকে কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। তবে এক এসআই জানিয়েছেন, তারা অপহরণের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
"







































