বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ১৬ ঘণ্টা আগে

সাঁথিয়ায় মসজিদের রাস্তা বন্ধ করায় এলাকায় ক্ষোভ

৩০০ বছরের পুরনো জামে মসজিদের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে মসজিদের সভাপতি ও স্থানীয় পুন্ডুরিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে। মসজিদের রাস্তা বাঁশ-খুঁটি পুঁতে ও গর্ত করে বন্ধ করে দেওয়ায় মসজিদে নামাজপড়া ও যাতায়াতে অবরুদ্ধ হয়েছে বিশটি পরিবারের শতাধিক মানুষ। তবে মসজিদের রাস্তা বন্ধ করা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া পূর্বপাড়া গ্রামে। এ ঘটনার পর থানায় ভুক্তভোগী স্থানীয়রা সাঁথিয়া থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া পূর্বপাড়া গ্রামের ৩০০ বছরের পুরাতন মসজিদে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রায় ৩০০ মুসল্লি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন। ওই রাস্তাটি ভেঙে গেলেও স্থানীয়দের অর্থায়নে নিজেরাই মেরামত করেন। আর এই মসজিদে চলাচল করার জন্য একমাত্র রাস্তা আলহাজ আব্দুল ওয়াদুদের বাড়ির পাশ দিয়ে।

ওয়াদুদ পুন্ডুরিয়া দাখিল মাদরাসার সুপার ও উক্ত মসজিদের সভাপতি এবং করমজা ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতিও বটে। তার কাছে বেশকিছু দিন ধরে মসজিদের কয়েক বছরের হিসাব চাচ্ছেন এলাকাবাসী। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াদুদ গত শুক্রবার মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তাটি বাঁশ ও খুঁটি গেড়ে ও রাস্তার মাটিতে গর্ত করে বন্ধ করে দেন। তবে এলাকার মুসল্লিরা আরো জানায়, তিনি মসজিদের হিসেবের প্রায় ৩ লাখ টাকা নয়ছয় করেছেন। সেগুলোর হিসাব না দিতেই ব্যক্তিগত ক্ষোভ থেকে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। রাস্তাটি বন্ধ হলে এতে অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় বিশটি পরিবার। এ বিষয়ে এলাকাবাসী সাঁথিয়া থানায় মৌখিক অভিযোগও দিয়েছেন বলে জানান।

ভুক্তভোগী মাওলানা সাখাওয়াত হোসেন বেলালী বলেন, এই গ্রামের একমাত্র পুরাতন মসজিদে প্রায় ৩০০ মুসল্লি নামাজ আদায় করেন। এই ওয়াদুদ সাহেব মাঝেমধ্যেই এই রাস্তা বন্ধ করে দেয়। সে সমাজের একজন বিতর্কিত মাওলানা। মসজিদের হিসাব চাওয়াতেই এই রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা থানায় জানিয়েছি শনিবার পুলিশ আসছিল এখন পর্যন্ত রাস্তাটি খুলে দেওয়া হয়নি।

মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার জানান, যুগ যুগ ধরে আমাদের পূর্বপূরুষ এই রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত করেন। আমার বাড়ির কাছেই মসজিদ এই রাস্তা বন্ধ করে দেওয়ায় অনেকদূর ঘুরে আসতে হচ্ছে মসজিদে, এতে সময়মতো আজান ও নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না। আমরা চাই দ্রুত রাস্তাটি খুলে দেওয়া হোক।

আবু সাইদ ও সিদ্দিক ব্যাপারী জানান, ওয়াদুদ একজন মাওলানা মানুষ তার দ্বারা এমন কাজ আমরা মেনে নিতে পারি না। সে কারো সঙ্গে কোনো ধরনের কথা কাটাকাটি হলেই মাঝেমধ্যেই এই রাস্তা বন্ধ করে দেয়। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে মাওলানা আব্দুল ওয়াদুদ জানান, এটা আমাদের পরিবারিক রাস্তা আমার জায়গার উপর আমি যা খুশি তাই করব। অভিযোগের ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়