নিজস্ব প্রতিবেদক
কমিউনিটি পুলিশিংয়ে অপরাধ কমবে
- ববি হাজ্জাজ

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে মোহাম্মদপুর এলাকায় দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত উন্মুক্ত টাউন হল আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় এলাকাবাসী নানা জনদুর্ভোগের কথা তুলে ধরেন।
এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা চলছে। নিরাপত্তা আরো উন্নত হওয়া দরকার। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই। দ্রুতই এই কমিটি গঠন করা হবে। কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম এখানে চলবে না। এলাকার দায়িত্ব যারা নিতে পারে তারাই থাকবে। তবে আগের কোনো স্বৈরাচারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেউ থাকবে না। আমরা এলাকার তরুণদের সহযোগিতা চাই। সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, যে সরকার এত বছর পর জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, সেই সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না। আমাদের এক সহকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। এর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এলাকায় অরাজকতা সৃষ্টি করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতা বরদাশত করা হবে না। দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে গেলে কাউকে ক্ষমা করা হবে না।
এ সময় গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, গ্যাসের সমস্যা পুরো দেশেই রয়েছে। তবে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে যেখানে যতটুকু গ্যাস বরাদ্দ আছে, তা ঠিকভাবে পাচ্ছে কি না, তা তিতাস গ্যাসের সঙ্গে সমন্বয় করে দেখা হবে।
"








































